সৌরভ লোধ ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিস কুমিল্লা–৮ (বরুড়া) আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন সংগঠনের মনোনীত প্রার্থী ডা. জোবায়ের হোসাইন মিয়াজী।
আজ বিকেলে তিনি বরুড়া উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে প্রার্থীকে সার্বিক সহযোগিতা করেন এবং নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডা. জোবায়ের হোসাইন মিয়াজী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নৈতিক নেতৃত্ব নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি বরুড়াবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
