স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বোমা হামলায় আহত পুরোহিত কেশব চক্রবর্তীকে দেখতে তার বাসায় গেছেন সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি ঠাকুরপাড়া বাগানবাড়ী এলাকায় পুরোহিতের নিজ বাসভবনে গিয়ে খোঁজখবর নেন।
এসময় সিটি প্রশাসক আহত পুরোহিতের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি তিনি কেশব চক্রবর্তীর হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।
পরবর্তীতে তিনি পাশের ইসকন মন্দির পরিদর্শন করেন এবং কালীগাছতলা কালীবেদী মন্দির কার্যালয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রতিক বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মহানগর আহ্বায়ক শ্যামলকৃষ্ণ সাহা, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রতিদিনের বাংলাদেশ-এর ব্যুরোচীফ দিলীপ মজুমদার, বিএনপি নেতা তপু চৌধুরী, কালীগাছতলা মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি সজল চন্দ, ঐক্য পরিষদ নেতা কানাই নাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
