সৌরভ লোধ ||
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এক আওয়ামী লীগ নেতার বক্তব্য। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল প্রকাশ্যে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ায় বিষয়টি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আড্ডা ইউনিয়নের দলিরপাড় গ্রামে খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকারিয়া তাহের সুমনের পক্ষে ভোট চান। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।
বক্তব্যে জাকির হোসেন বাদল বলেন, আসন্ন নির্বাচন স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের শক্তির নির্বাচন। স্বাধীনতার পক্ষের দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি। যেকোনো কারণে আওয়ামী লীগ এই নির্বাচনে নেই, তাই আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করেছি আমাদের সিদ্ধান্ত, আমরা এবার ধানের শীষে ভোট দেব। এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, স্কুল ও কলেজ কেন্দ্র দুটো তাদের জন্য সম্মানের বিষয় এবং তা রক্ষায় সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড্ডা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. রুহুল আমিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপু। প্রধান অতিথি ছিলেন আড্ডা ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন বাদল ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ জালাল হোসেন জালু।
