Oplus_131072
সৌরভ লোধ ||
প্রতি বছরের মতো এবারও ঈদের আগের চাঁদরাতে নরসুন্দরদের দোকানগুলোতে ভিড় আশা করা হয়েছিল। তবে এইবার পরিস্থিতি ভিন্ন। বরুড়ায় তীব্র বৃষ্টির কারণে চাঁদরাতেও নীরবতা পালন করছেন সেলুন দোকান গুলো।দোকানগুলো এইবার আগের বছরের মতো ব্যস্ত নেই, ব্যবসায়িক কর্মকাণ্ড ও নেমে এসেছে তলানিতে। শুক্রবার (২০ মার্চ) রাতে বরুড়ার বড় বড় বাজারে ঘুরে দেখা যায়, অধিকাংশ নরসুন্দর দোকান ফাঁকা। বরুড়া বাজারের সজীব শীল জানান,সকাল থেকেই আবহাওয়া খারাপ। দুপুর থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে। প্রতিবার চাঁদ রাতে মানুষজন চুল কাটতে আসে, এবার তো বৃষ্টি দেখেই কেউ আসে না।
নলুয়া বাজারের রাজু শীল বলেন,সাধারণত এই রাতে ব্যবসা খুব ভালো হয়। কিন্তু আজকে দোকান ফাঁকা। বৃষ্টি আমাদের আয়ের ক্ষতি করেছে।
চুল কাটতে আসা নজরুল ইসলাম বলেন,দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে। একবার ভেবেছিলাম আজ আসব না, ঈদের পরের দিন চুল কেটে নেব। কিন্তু তারপরও মনকে বুঝাতে পারলাম না, তাই বৃষ্টি দিয়েও চলে এলাম।
তারপরও নরসুন্দররা আশাবাদী। তারা মনে করছেন, বৃষ্টি থেমে গেলে চাঁদরাতের ব্যস্ততা ফিরে আসবে। অস্থায়ী নিরবতা কাটিয়ে মানুষ গভীর রাতেও চুল কাটতে আসবে এবং চাঁদরাতের আনন্দ, রঙ আর উচ্ছ্বাস আবার ফিরবে।
