Oplus_131072
সৌরভ লোধ ||
কুমিল্লার বরুড়ায় এক এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের কেশমপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আলিফ রায়হান বরুড়া উপজেলার পয়েলগাছা ইউনিয়নের মন্দুক পূর্বপাড়া হাটপুকুরিয়া মসজিদ বাড়ির বাসিন্দা এবং পয়ালগাছার বাজারের সুতা ও বীজ ব্যবসায়ী মো. আমিনুল ইসলামের ছেলে। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলে পরিবার জানিয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় আলিফ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে বাঁশপুর এলাকা অতিক্রম করে কেশমপাড়ের কাছে পৌঁছালে হঠাৎ সড়কের পাশে থাকা একটি গাছের ডাল ভেঙে ওপর থেকে রাস্তার ওপর পড়ে। দ্রুতগতির মোটরসাইকেলটি ডালের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলিফ গুরুতর আহত হন এবং সঙ্গে থাকা দুইজনও মারাত্মকভাবে জখম হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফ রায়হানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
